আবদুল লতিফ সিদ্দিকী নিউইয়র্কে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলামের অন্যতম স্তম্ভ  হজ নিয়ে জঘন্য কটূক্তির আগেও দেশে অনেক বেফাঁশ মন্তব্য করে বারবার আলোচনায় এসেছেন। তার এমন কিছু মন্তব্য পাঠকের সামনে তুলে ধরা হল-

আমার স্বভাব খারাপ, এ জন্য মাঝেমধ্যে লাঠিপেটা করি : চলতি বছরের ১৯ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমার স্বভাব খারাপ, এ জন্য মাঝেমধ্যে একটু লাঠিপেটা করি। সাপকে যদি মারতে হয়, তাহলে লাঠিপেটা করা ছাড়া কোনো উপায় নেই। সাংবাদিকরা আমার বিরুদ্ধে লাগে উল্লেখ করে সমালোচিত এই মন্ত্রী বলেন, এ দেশের ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া, ব্যবসায়ী, কথিত সুশীল সমাজের সদস্যরা বেতনভুক্ত ক্রীতদাস। ২৯ মার্চ টাঙ্গাইলের কালিহাতীর নিজ বাড়িতে বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে বেধড়ক লাঠিপেটা করেন এই মন্ত্রী। এরপর এ সেমিনারে অংশ নিয়ে এমন মন্তব্য করেন।

হরতালকারীদের ঘরে ঢুকে হত্যা করতে হবে : গত বছর ১৬ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় জামায়াতের হরতালে দলীয় নেতাকর্মীদের তৎপর না থাকায় ক্ষোভ প্রকাশ করে লতিফ সিদ্দিকী বলেন, আর বসে থাকার সময় নেই। আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত হরতাল করে। আর রাস্তায় শুধু পুলিশ থাকে। আমাদের নেতা-কর্মীরা নেতার হুকুমের অপেক্ষায় বসে থাকে। তিনি বলেন, সব কিছুর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে কেন? যখন বাড়ি-গাড়ি করেন তখন কোথায় থাকে প্রধানমন্ত্রীর নির্দেশ। আমি বলছি, এটিই আমার শেষ বক্তৃতা।

ড. ইউনূস একজন রাষ্ট্রদ্রোহী, তার বিচার হওয়া উচিত : ২০১৩ সালের ২৬ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে এক আলোচনা সভায় আবদুল লতিফ সিদ্দিকী বলেন, নোবেল বিজয়ী ড. ইউনূস একজন রাষ্ট্রদ্রোহী। কারণ তিনি সংবিধান লঙ্ঘন করে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন। এর জন্য তার বিচার হওয়া উচিত।

সংগঠন-টংগঠন দিয়ে কিছু হবে না : গত ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কয়েকজন প্রবীণ নেতা সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার পরামর্শ দেন। তাদের থামিয়ে প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, সংগঠন-টংগঠন দিয়ে কিছু হবে না নেত্রী। আপনি (শেখ হাসিনা) বেঁচে থাকলে সব ঠিক থাকবে। দল দিয়ে কিছু হয় না। আপনিই আমাদের সব।

সিটি নির্বাচনে দুষ্ট লোকেরা পরাজিত হয়েছে : ২০১৩ সালের ১৬ জুন টাঙ্গাইলে এক প্রতিবাদ সমাবেশে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে দুষ্ট লোকেরা পরাজিত হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিরূপ হয়ে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। ১৫ জুন রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থীরা পরাজিত হওয়ার পরের দিন এমন মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। তিনি সিটি নির্বাচনকে 'শহুরে নির্বাচন' হিসেবেও উল্লেখ করেন।

ভোটারবিহীন নয়, প্রার্থীবিহীন : এ বছরের ২৯ মে রাজধানীর শিল্পকলায় যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী না থাকলে আমরা কী করব? নবম জাতীয় সংসদে মোট সাতটি দল ছিল। দশম সংসদেও সাতটি দল আছে। দল তো কমে নাই। ভোটারবিহীন নির্বাচন হয় নাই। প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে। সূত্র:বাংলাদেশ প্রতিদিন

ঢাকা, এমএইচ, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম