বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে গেলে আওয়ামী মহিলা লীগের নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ।
পুলিশের বাধা পেয়ে নেতা-কর্মীরা ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখে অবস্থান নেন। তারা সেখানে মিছিল-স্লোগান দিচ্ছেন।
হরতাল-অবরোধ প্রত্যাহার ও সহিংসতা বন্ধের দাবিতে সোমবার বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী মহিলা লীগের নেতা-কর্মীরা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে যান।
কার্যালয় ঘেরাও কর্মসূচিতে নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খানের অংশ নেওয়ার কথা রয়েছে। মন্ত্রীর নেতৃত্ব ঘেরাও কর্মসূচি উপলক্ষে গুলশান কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিরোজ কবির বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্যই এই এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ঘেরাও কর্মসূচিতে নৌমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন মহিলা আওয়ামী লীগের কর্মীরা।
এসএইচ





