বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের কলাবাগান মোড় থেকে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সে সময় জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, ছাত্রদল নেতা বকতিয়ার, বাবু, মাহবুব হোসেন মিলু, আসিফ কামালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দ্রত বিচারের দাবি জানান।
উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে এক সংবাদ সম্মেলনে ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. সোহেল মাহমুদ বলেন, বাঁশ বা স্ট্যাম্প দিয়ে পেটানো হয়ে থাকতে পারে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে। এর ফলেই রক্তক্ষরণ বা পেইনের (ব্যথা) কারণে ফাহাদের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ফাহাদের হাতে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। আঘাতের ধরন দেখে মনে হয়েছে ভোঁতা কোনো জিনিস যেমন- বাঁশ বা স্ট্যাম্প দিয়ে আঘাত করা হয়েছে। তবে তার মাথায় কোনো আঘাত নেই।
তারেখ/এএস





