সরকারের ভেতরে আপোষকামী লোক রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি প্রশ্ন রেখে বলেন, আমাদের দুর্বলতা কোথায়। যারা পরিকল্পিতভাবে মন্দির ও প্যাগোডা ধ্বংস করছে তাদেরকে আমরা ধরতে পারি না কেন।
শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের সংখ্যালঘুরা এখনও বৈষম্যের শিকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বৈষম্য দূর না হলে গণতন্ত্র পূর্ণতা পাবে না।
তিনি বলেন, মহাজোট সরকার প্রধান শেখ হাসিনা অসাম্প্রদায়িকতার ছাতা তুলে ধরেছেন। এ ছাতার নীচে এসে জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের মাথার উপর যদি অসাম্প্রদায়িকতার ছাতাটা থাকে তা যদি শক্ত করে ধরে রাখতে পারি তাহলে ভবিষ্যতে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে না।
তথ্যমন্ত্রী ইনু বলেন, সংখ্যালঘুদের দেশ ত্যাগ বন্ধ করতে হবে। তাদেরকে যারা দেশত্যাগে বাধ্য করতে চায় তারা দেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার। এদেশ মৌলবাদীদের নয়।
মন্ত্রী বলেন, যারা পেট্রোল দিয়ে, বোমা মেরে মানুষ হত্যা করে তারা মানবতার শত্র“। এদের মা জননী হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়াকে রাজনীতি থেকে নির্বাসিত করতে হবে।
পরিষদের সভাপতি কানুতোষ মজুমদারে সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, অধ্যাপক দূর্গা দাস ভট্টাচার্য, মনিন্দ্র কুমার নাথ, হিরেন সমদ্দার, বাসুদেব ধর, রবীন্দ্র নাথ বসু, সাবিত্রী চ্যাটার্জী ও অ্যাডভোকেট দুলাল চন্দ্র শীল প্রমুখ।
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর