বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘উগ্রবাদ ও সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান কোনো দলীয় সমস্যা নয়। এটি জাতীয় সমস্যা।’
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার (১৭ জুন) দুপুরে বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত 'সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বর্তমান সংকট' শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, ‘উগ্রবাদ ও জঙ্গিবাদ এককভাবে কেউ সমাধান করতে পারবে না। দরকার দল মতের অংশীদারীত্বের গণতান্ত্রিক রাজনীতির। যে গণতান্ত্রিক রাজনীতির অস্তিত্ব এই মুহূর্তে নেই।’
তিনি বলেন, ‘বড় দুঃখ লাগে ভাষা আন্দোলন থেকে শুরু করে নানা সংকটে অংশ নিয়ে জেল খেটেছি, পুলিশের মার খেয়েছি। দেশ স্বাধীন হয়েছে সেই মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি। কিন্ত আজ এতদিন পরও সত্যিকার গণতন্ত্র পেলাম না।'
আয়োজক সংগঠনের সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী ছাড়াও আয়োজক সংগঠনের মহাসচিব এ জেড এম ডা. জাহিদ হোসেন বক্তব্য রাখেন।
এমআর





