বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বচনে বিএনপি অংশ নিলে জঙ্গি হামলার আংশকা কমে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে হাজী মুহাম্মদ ইদ্রিস মিঞা জামে মসজিদের উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক জঙ্গিদের ঝটিকা আক্রমণ প্রমাণ করে যে, তাদের আরও বড় ধরনের হামলার প্রস্তুতি আছে। আগামী নির্বাচনে যে জঙ্গিদের হামলার আশংকা নেই তা এ মুহূর্তে বলা যাবে না।

তিনি বলেন, এ পর্যন্ত আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যতগুলো অভিযান চালিয়েছে সবগুলো সফলভাবে পরিচালনা করেছে। আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে জঙ্গিরা আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। তবে জঙ্গি নির্মূল হয়েছে তা বলা যাবে না।

এ সময় স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভেকেট শিহাব উদ্দিন শাহীন ও স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের এর আগে নবনির্মিত সুন্দলপুরে হাজি মুহাম্মদ ইদ্রিস মিঞা জামে মসজিদের উদ্বোধন করেন।

এ সময় চট্রগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং মসজিদে প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ ইদ্রিস মিঞার বড় ছেলে হাজী মুহাম্মদ ইব্রহিম উপস্থিত ছিলেন। মন্ত্রী মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এমএনজে