সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তবে কিছু কিছু ক্ষেত্রে তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ (০৭ জুলাই) রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের এইসব তথ্য জানিয়েছেন।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের বলেছেন, “উন্নতির এই ধারা অব্যাহত থাকলেই শারীরিক অবস্থার উন্নতি বলা যাবে। চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”
এরশাদের ছোট ভাই আরও বলেন, “আজো পল্লীবন্ধুর ডায়ালিসিস চলছে। সিএমএইচের চিকিৎসকরা পল্লীবন্ধুকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন। অত্যাধুনিক হেমো পারফিউশন এবং হেমো ডায়া ফিল্টারেশনে এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় পানি, বর্জ্য অপসারণ করা হচ্ছে।”
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এরশাদের শ্বাস-প্রশ্বাসসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, আস্তে আস্তে পল্লীবন্ধুর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে উঠবে। তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।”
এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যে দেশবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন। তিনিও দেশবাসীর কাছে পল্লীবন্ধু এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনা, দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয় ওলামা পার্টি।
এ সময় উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, এ টি ইউ তাজ রহমান, মেজর (অব.) মো. খালেদ আখতার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজাহার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, আমির উদ্দিন আহমেদ ডালু, সম্পাদকমণ্ডলীর সদস্য ইসাহাক ভূঁইয়া, মো. জসীম উদ্দিন, মো. হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, মো. বেলাল হোসেন, এম এ রাজ্জাক খান, সুমন আশরা, কেন্দ্রীয় নেতা আলহাজ মো. মহিবুল্লাহ, আব্দুল বাতেন, মাসুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু তৈয়ব, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।
২৬ জুন এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শুক্রবার ও রোববার তার কিডনীর ডায়ালাসিস করানো হয়।
এমবি





