বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সংখ্যাগরিষ্ঠ জনতার নেত্রী’ আখ্যা দিয়ে তার সঙ্গেই সরকারকে সংলাপে বসতে হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে যুব জাগপা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন লন্ডন থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সংলাপের আহ্বান জানিয়েছেন। সরকারকে খালেদা জিয়ার সঙ্গেই সংলাপে বসতে হবে। কারণ তিনি দেশের ‘সংখ্যাগরিষ্ঠ জনগণের নেত্রী’।

লন্ডনে গত বৃহস্পতিবার এক সমাবেশে খালেদা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বর্তমান সরকার রাজনৈতিক সংকটের সূচনা করেছে। সময় থাকতে এ সংকট থেকে উত্তরণের উপায় বের করতে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।

তবে খালেদা জিয়ার এই সংলাপের আহ্বানকে বরাবারের মতো নাকচ করে দিয়েছেন শাসকদলের নেতারা। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকের পৃথিবীতে সংলাপে বসতে হলে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া সংলাপ হয় না। আন্দোলন করার যাদের শক্তি নেই, তারাই এখন ঘন ঘন সংলাপের কথা বলে।

অন্যদিকে সিলেটে ‘স্কাই মিনি ম্যারাথন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে খালেদার সংলাপ প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ‘রাবিশ, রাবিশ’ বলে মন্তব্য করেন।

সরকারের মন্ত্রী-এমপিদের উদ্দেশ্যে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়া দেশের সব রাজনৈতিক দল ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সংলাপের কথা বলেছেন। কিন্তু অর্থমন্ত্রী সে আহ্বান প্রত্যাখ্যানের মাধ্যমে নিজেদের দেউলিয়াত্বই প্রমাণ করেছেন।’

যুব জাগপার সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। এছাড়া আরো বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না প্রমুখ।

শফিউল আলম প্রধান বলেন, এখন দেশে আইনের শাসন নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। এ অবস্থায় দেশ চলতে পারে না। দেশ অসহনীয় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, চারদিকে সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। রেড এলার্ট দিয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না।

এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শুধু বিদেশি শক্তির ওপর নির্ভর করে স্বৈরশাসকের পতন ঘটানো সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটাতে হবে।

এসএইচ