জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা এ কে এম ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলার রাজৈর গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
নামাযে জানাযায় উপস্থিত ছিলেন, জামায়াতের  কেন্দ্রীয়  নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, চাষিকল্যাণ সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলাম, বাগেরহাট জেলা আমীর অধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মতিয়ার রহমান খান, উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ সেকান্দার আলী, শরণখোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম, মরহুমের ছোট ভাই রুহুল আমীন, ছেলে মাহবুবুর রহমান, আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ এই নেতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক ছিলেন। আটকাবস্থায় রবিবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়।
এদিকে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মরহুম মাওলানা  ইউসুফ ও নায়েবে আমীর মরহুম অধ্যাপক একেএম নাজির আহমাদের মাগফিরাতের উদ্দেশ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দোয়ার মাহফিলের আয়োজন করার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]