আওয়ামী লীগ সরকারের আমলে গত ১০ বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এইসব গবেষণাগুলো ‘জাস্ট রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ (১১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।
গত শনিবার ঢাকায় ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’শীর্ষক এক সেমিনারে সিপিডি জানায়, অনিয়ম ও দুর্নীতির কারণে গত এক দশকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে সাড়ে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এইসব অর্থ খোয়া গেছে বলে জানায় সিপিডি।
অর্থমন্ত্রীর কাছে এই গবেষণার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “ওগুলো রাবিশ, জাস্ট রাবিশ।”
আরও পড়ুন: আ.লীগের শাসনামলে ব্যাংক থেকে লোপাট সাড়ে ২২ হাজার কোটি টাকা: সিপিডি
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছান আবুল মাল আবদুল মুহিত। মাজার জিয়ারত শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ও ছোটো ভাই ড. এ কে আবদুল মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।
এসময় দরগাহ গেইট এলাকায় লিফলেট ও প্রচারপত্র বিলি করেন আবুল মাল আবদুল মুহিত।
সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোটারদের সমর্থন নিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এই আশাবাদ ব্যক্ত করেন মুহিত বলেন, “নির্বাচনী প্রচারণা সর্বত্রই আজকে থেকে শুরু হচ্ছে। আমার ধারণা বারবার যেটা আমি বলছি যে, এই নির্বাচনের যে হাওয়াটা সেটা আওয়ামী লীগের পক্ষে।”
এমবি





