ভ্যাট বিরোধী আন্দোলনকারীরা যেখানে গিয়ে সমস্যার সমাধান করেছে, অর্পিত সম্পত্তি আইনের সমস্যা সমাধানে সংখ্যালঘুদেরকে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কুখ্যাত শত্রু(অর্পিত)সম্পত্তি আইনের ৫০ বছর : জনগণের দূর্দশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর অবস্থান সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তিনি মুরুব্বি মানুষ কী কয়, না হয় ঠিক নাই। তার কথা কইতেও দেরী নাই, ক্ষমা চাইতেও দেরী নাই।’

তিনি বলেন, ‘অর্পিত সম্পত্তি নিয়ে দীর্ঘ ৫০ বছরের সৃষ্ট সমস্যার সমাধান কে করতে পারে? একমাত্র প্রধানমন্ত্রী চাইলেই সম্ভব। ভ্যাট নিয়ে সমস্যার সমাধান হচ্ছে, আর ভ্যাট বিরোধী আন্দোলনকারীরা যেখানে গিয়ে সমাধান করেছে সংখ্যালঘুরাও সেই প্রধানমন্ত্রীর কাছে যাও।’

অর্পিত সম্পত্তি আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৫০ সাল থেকে হিন্দুদের নিস্বকরণ প্রক্রিয়া শুরু হয়। পাকিস্তান শত্রু সম্পত্তি আইন করে তাদের জায়গা ফেরৎ দেয়নি, বাংলাদেশ হওয়ার ৪৪ বছরেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।’

সংখ্যালঘুদের নিস্বকরণ প্রক্রিয়ায় এ দেশে ৩৭ শতাংশ থেকে এখন ৯ শতাংশে নেমে এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই ৯ শতাংশকে ধরে রাখাই এখন চ্যালেঞ্জ।

এখনই যথাযথ ব্যবস্থা না নিলে একসময় শূণ্যতে নেমে আসবে, আগেই সাধু সাবধান। যদি এমনটা হয় তাহলে এ দেশ হবে আফগানিস্তানের মতো এবং আমরা বৈচিত্রময় গণতন্ত্রকে হারাবো।’

অর্পিত সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান প্রধানমন্ত্রী চাইলেই করতে পারেন মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ডিসিদের নিয়ে তিনি যদি একটা সম্মেলন করে এক মাসের মধ্যে সকল ভেস্টেড প্রপার্টি সম্পর্কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেন তাহলেই সমস্যার সমাধান।’

পার্শবর্তী দেশে মাইনরিটি বেড়ে গেছে আর আমার দেশে দিন দিন কমে যাচ্ছে উল্লেখ করে সুঞ্জিত বলেন, ‘এর সঙ্গে সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও প্রতিনিধিত্বশীলের প্রশ্ন।

শেখ হাসিনার সেক্যুলার গভর্নমেন্টের সময়ও বর্তমানে মন্ত্রীসভায় একজন সংখ্যালঘু প্রতিনিধি নাই। শুধু মুখেই তাদের কথা বলছেন দেওয়ার সময় কিছুই দিবেন না, তাহলে সেক্যুলার গণতন্ত্র কীভাবে হবে?’

‘আমাদের বেলায় শুধু নিবে আর নিবে কিন্তু দিবে না’ যোগ করেন তিনি।

‘ভূমিতে যে কোন কাজের জন্য টাকা চায়’ অন্যান্য আলোচকদের এমন প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমাকে একটা জায়গা দেখান যেখানে টাকা চায়না। টাকা চায়না কে? ভূমিতে একটা না একজোড়া মন্ত্রী আছে তারা নিজেরাই এই আইনের পথে আছে কিনা সন্দেহ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, খুশি কবীর, বাসদের সাধারন সম্পাদক খালেকুজ্জামান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমূখ।

এমএ/এসএইচ