বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বাংলাদেশ জিএসপি সুবিধা না পাওয়া দুর্ভাগ্যজনক ও উদ্বেগের ব্যাপার। বাংলাদেশ জিএসপি সুবিধা কেন পেল না, এর কারণ সরকারকে ব্যাখ্যা করতে হবে।’
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জিএসপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি নির্দেশনা দিয়েছিল। কিন্তু কেন সেটি বাস্তবায়ন করা হল না?’ সরকারের কাছে তার ব্যাখ্যা দাবি করে তিনি বলেন- ‘যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ ১২২টি দেশ এই সুবিধা পেল। এখানে বাংলাদেশের নাম নেই এটা দুর্ভাগ্যজনক।’
তিনি বলেন, সরকারের ভুলনীতি এবং প্রতিহিংসার কারণে বাংলাদেশের নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক আজ ধ্বংসের পথে। গ্রামীন ব্যাংক এর প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনুস এর প্রতি বিদ্বেষ থেকে সরকার গ্রামীন ব্যাংক এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যে তোঘলকী নীতি অনুসরণ করছে-তাতে এই গৌরবজনক প্রতিষ্ঠানটিতে এক কঠিন অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সরকারের এই বিদ্বেষপূর্ণ নীতির তীব্র প্রতিবাদ করছে বিএনপি এবং যে লক্ষ্য নিয়ে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল-তাকে স্বাধীনভাবে চলার পথকে বাধাগ্রস্ত করার কৌশল থেকে সরে আসার আহবান জানাচ্ছেন বিএনপি বেগম খালেদা জিয়া।
এমএইচ





