জামায়াত-শিবিরের ৩৪ জনের আটকের ঘটনায় ২৫টি পেট্রলবোমা ও লিফলেট উদ্ধারের কাহিনী বানোয়াট ও কাল্পনিক বলেছে জামায়াত ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, "১১ জুন রাতে গাজীপুর শহরের একটি চাইনিজ হোটেলে আয়োজিত কর্মীদের সাথে চা চক্রের অনুষ্ঠান থেকে গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি খাইরুল হাসানসহ জামায়াত এবং ছাত্রশিবিরের ৩৪ জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।"

"সেই সঙ্গে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজার বক্তব্যের বরাত দিয়ে কয়েকটি সংবাদপত্রে, ২৫টি পেট্রলবোমা ও বেশ কিছু সরকার বিরোধী লিফলেট উদ্ধারের কথা বলেছে।"

এ সম্পর্কে বক্তব্য তুলে ধরে বলেন, "১১ জুন রাতে গাজীপুরের একটি চাইনিজ হোটেলে ‘চা চক্র’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটি কোন গোপন বৈঠক ছিল না। এটি একটি প্রকাশ্য অনুষ্ঠান ছিল। আটক ব্যক্তিদের নিকট থেকে ২৫টি পেট্রলবোমা ও লিফলেট উদ্ধারের কাহিনীটি সম্পূর্ণ বানোয়াট ও কাল্পনিক।

তিনি আরো বলেন, "চা চক্রের মত একটি নিছক বিনোদনমূলক অনুষ্ঠান থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের আটক করে তাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।"

ভিত্তিহীন মিথ্যা প্রচারণা বন্ধ করে অবিলম্বে গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারী খাইরুল হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের আটক সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি জন্য আহবান জানান তিনি।

জেডআই