বিশিষ্ট সমাজসেবক ও আলেমে দ্বীন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রুকন মাওলানা এ এস এম নজিবুল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শোক বার্তায় ড. হেলাল মরহুম এ এস এম নজিবুল্লাহর ইসলামী আন্দোলন ও সমাজ সেবায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।

ড. হেলাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।”

শোক বার্তায় জানানো হয়, “মরহুম মাওলানা এ এস এম নজিবুল্লাহ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে বার্ধক্য জনিত কারনে রাজধানীর ধানমন্ডির ৩২ নং সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মাওলানা নজিবুল্লাহ ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ইসলামের প্রচার ও প্রসারে একজন নিবেদিত প্রান হিসেবে ভুমিকা পালন করেন। তিনি জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার সাবেক নায়েবে আমীর ছিলেন। এছাড়াও তিনি ঢাকা মহানগরী দক্ষিণেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ধানমন্ডি এলাকায় সমাজকল্যাণ মুলক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।”

মরহুমের জানাজার নামাজ আজ (বুধবার) বাদ জোহর ধানমন্ডির বায়তুত ত্বাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মো. আব্দুল হালীম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এডভোকেট জসীম উদ্দিন তালুকদার, ধানমন্ডি থানা সেক্রেটারি মোহাম্মদ আলী, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ সহ সর্বস্তরের ছাত্র জনতা। মরহুম মাওলানা নজিবুল্লাহকে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়।

এমবি