মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, "পাকিস্তানি খুনির হাত থেকে দেশ এখন বাংলাদেশি খুনির হাতে পড়েছে"।
তিনি আরো মন্তব্য করেন, “সিভিল-নন সিভিল সব ধরনের প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ দলীয়করণ করেছে। বাংলাদেশে এখন গণতন্ত্র চলছে না, চলছে দানবতন্ত্র।”
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভায় তিনি একথা বলেন।
আসম রব বলেন, “দানবতন্ত্রের বিরুদ্ধে একক কোনো সংগঠনের আন্দোলন করা সম্ভব নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহলেই এই দানবতন্ত্রকে ক্ষমতা থেকে সরানো সম্ভব।”
তিনি বলেন, “এজন্য কি স্বাধীনতা অর্জন করেছিলাম, এজন্য কি মুক্তিযুদ্ধ করেছিলাম? আজকের এই অবস্থার জন্য স্বাধীনতা অর্জন করিনি। যদি বুঝতাম তাহলে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়ার জন্য উৎসাহিত হতাম না।”
সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নারীনেত্রী ফরিদা বেগম, জাতীয় মুক্তি কাউন্সিরের সম্পাদক ফয়জুল হাকিম লালা, বাংলাদেশ অ্যালাইন্সের সাধারণ সম্পাদক গৌতম দাশ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবাদল আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেক অধিকার সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র।
ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





