চলতি বাজেটে গণবিরােধী চরিত্রের প্রকাশ ঘটেছে, এ বাজেট যদি ব্যবসায়ী বান্ধব হতো তাহলে একটি কথা ছিলো। কিন্তু তা না হয়ে চলতি বাজেট হয়েছে দু' নম্বরী ব্যবসায়ী বাজেট বলে অভিযোগ করেছে ঐক্য ন্যাপ।

শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে মানববন্ধনে এসব কথা বলা হয়।

ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুউল্লাহ্ তারেক, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম এ সবুর, আব্দুল, মুনায়েম নেহেরু, আলিজা হাসান, রঞ্জিত কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, মহানগরী সভাপতি একেএম হেদায়েতুল্লাহ ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজেট পাশের পর পরই তড়িঘড়ি করে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘােষণা দেয়া হয়েছে। কৃষক মূল্য না পেয়ে আগুন দিয়ে ধান পােড়ানাের মধ্য দিয়ে মনের পূঞ্জীভূত ক্ষোভ উগড়ে দেয়ার ঘটনা ঘটেছে। কৃষকের আহাজারী ও বােবা কান্নার প্রতিফলন নেই এই বাজেটে। নেই শ্রমিক, ছােট মাঝারী উৎপাদক নিম্নবিত্ত, নারী সমাজসহ ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী গােষ্ঠীর জন্য কোন সুযোগ সুবিধা।

তারা আরও বলেন, ঋণখেলাপী বান্ধব এবং বিদেশে অর্থ পাচারকারী সহায়ক বর্তমান বাজেটে। সংখ্যাগরিষ্ঠ জনগণের আকাঙ্কার ছিটে ফোটাও নেই এ বাজেটে।

সভাপতির বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য বলেন , " বাজেট পাশ হতে না হতেই অশােভন ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি ঘটিয়েছে কর্তৃপক্ষ ও সরকার । ভারত ও পাকিস্তানে গ্যাসের মূল্য এবার কমেছে আর বাংলাদেশে বেড়েছে অযৌক্তিক ভাবে । গ্যাস চুরি অপচয়ের সাথে সহাবস্থান করে বিদেশ থেকে তরলিকৃত গ্যাস আমদানীকারকদের স্বার্থরক্ষায় এই মূল্যবৃদ্ধি ঘটান হয়েছে। শতকরা ১ ভাগের স্বার্থে ৯৯ ভাগের বিরুদ্ধে প্রনীত হয়েছে এই গণবিরােধী বাজেট - যা মেনে নিতে পারে না দেশবাসী ।

তিনি আরও বলেন , সুশাসন ভেঙ্গেপড়া ও বিচারহীনতার রেওয়াজ নারী শিশু ধর্ষণের মহামরীরূপ ধারণের কারণ। ধর্ষক ইয়াহিয়ার প্রেতাত্নাদের ফাঁসির দাবী করেন তিনি।

ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য উক্ত বাজেট প্রত্যাখান করে মুক্তিযুদ্ধের চেতনার আলােকে নয়া বাজেট প্রণয়নের দাবী জানান ।

এসএম/জেড