ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করেছেন।
পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তা সিআইডি তদন্ত করছে। আমরা আশা করি অচিরেই এর রহস্য উদঘাটন হবে।
আজ বুধবার দুপুরে টঙ্গী মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে বিকেল সাড়ে ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
গাজীপুরের কাশিমপুর নওয়াপাড়ায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প-কারখানায় বয়লার স্থাপনের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এগুলো তদারকি করার জন্য বয়লার পরিদর্শকও রয়েছেন।
বয়লার স্থাপনের পর সেটির সক্ষমতা রয়েছে কিনা কিছুদিন পরপর তা যাচাই করতে হয়। গাজীপুরে বয়লা বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে এতে কারও কোনো গাফিলতি ছিল কিনা।
এ সময় মন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমবি





