আওয়ামী লীগ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে  মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, উপজেলা নির্বাচনে জনগণ সরকারের জুলুম নির্যাতনের জবাব দিয়েছে। আর এ জন্যই ১৯ দলীয় প্রার্থীদের বিজয় কেড়ে নিতে সরকার নানা চক্রান্ত করছে।
শনিবার বিকালে ১৯ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত রাজবাড়ীর রেলওয়ে খুশি ময়দান মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভূয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভূয়া। আর এই ভূয়া সংসদের প্রধানমন্ত্রী দিয়ে দেশ চলতে পারে না।
অধ্যাপক মুজিবুর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সমালোচনা করে বলেন, এই ট্রাইব্যুনালের দেওয়া রায় গোটা বিশ্বে প্রশ্নের সৃষ্টি করেছে। বিশ্বের কোনো দেশ এই রায়কে মেনে নেয়নি।
তিনি দশট্রাক অস্ত্র মামলার রায় নিয়েও প্রশ্ন তুলে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই রায় দেওয়া হয়েছে। দেশের কোনো মানুষ প্রহসনের এই রায় মেনে নিবে না।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় অতীতেও অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছে। ভবিষ্যতেও তারা এই দায়িত্ব পালন করবে।
জামায়াত নেতা ভারতের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা প্রতিবেশির সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। কুরআন-হাদীসেও এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সবশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে জুলুম নির্যাতন বন্ধ করে কেয়ারটেকার সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় সময় ফুরিয়ে গেলে আর পার পাবেন না।
[b]ঢাকা, এমএইচ, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]