গণতন্ত্র ও সাংবিধানিক ধারাকে ব্যাহত করতে একটি চক্র নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষীপুরে সু-পরিকল্পিত ভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে ‘প্রয়াত আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহম্মেদ চৌধুরীর স্মরণ সভায়’প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষীপুর উত্তপ্ত হয়েয়ে উঠেছে। একটার পর একটা লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। যা আমাদের বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে। আমি কথা বললে কেউ ভুল বুঝে। তবে আমি বলে যাব। সুসংবাদ হলো, নারায়ণগঞ্জের ঘটনায় সংশ্লিষ্ট র‌্যাব কর্মকর্তাকে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এটা নারায়ণগঞ্জের জনগণের স্বত:ফূর্ত আন্দোলনের বিজয়।
তিনি আরও বলেন, ফেনীর ফুলগাজী উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান একরামুল হককে নৃশংস ভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। আমি জানতে চাই ফেনীতে কি প্রশাসন, ডিসি, এসপি, র‌্যাব ও গোয়েন্দা ছিল না। দিনে-দুপুরে এমন ঘটনা কিভাবে ঘটলো প্রশাসনকে এ বিষয় স্পষ্ট করতে হবে।
‘ফেনীর হত্যাকাণ্ড আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলে হয়েছে’ মির্জা ফখরুলের এমন দাবির প্রসঙ্গে  তিনি বলেন, এ ঘটনার এখন পর্যন্ত এফআইআর (প্রাথমিক তদন্ত) হয়নি। তাহলে আপনি (ফখরুল) কি করে বলে দিলেন এটা আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলের বলি। দ্বায়িত্বশীল ব্যক্তি হয়ে দ্বায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না।
বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিজির সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুণ চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ
[b]ঢাকা, এমআর, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]