সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেঝো বোন সেলিমা ইসলাম।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আজ বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ৬ সদস্য খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
সেলিমা ইসলাম বলেন, আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারো সাহায্য ছাড়া দাড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরিভাবে উন্নতমানের চিকিৎসা দরকার।
‘চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন!’ সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, সব মিথ্যা কথা। আমরাতো এখনই দেখা করে এলাম তিনি কি অবস্থায় আছেন।
তাকে বিদেশে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার যদি চায় তাহলেই তো তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সাথে কিছু বলেননি।
শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের মেঝো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতিমা, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ৬ জন সদস্য বিকাল সোয়া তিনটার দিকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে দেখা করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।
গত বছর ৮ ফেব্রুয়ারি হতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ০১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬১২ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে।
এমবি





