কুষ্টিয়ার স্থানীয় একটি মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (০৬ ডিসেম্বর) রোববার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্থানীয় ইবনে মাসউদ নামের একটি মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তাদের একজনের নাম আবু বকর। অন্যজন নাহিদ। এছাড়া আলামিন ও ইউসুফ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”
আসাদুজ্জামান খান কামাল বলেন, “ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে কোনও রকম অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিষয়টি স্পষ্ট করেছেন। আমি ও আমরা যারা শান্তি রক্ষায় নিয়োজিত আছি, আমরা এইটুকু বলতে পারি, কোনও ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেওয়া হবে না।”
এমবি





