দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই উল্লেখ করে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিরোধী দল দমনে সরকার মরিয়া হয়ে উঠেছে।মামলা হামলা দিয়ে নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। 

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, আগামী ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তা বাস্তবায়নে সরকারের উচিৎ ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে নি:শর্ত মুক্তি দিয়ে তাদেও সম্মেলন যাওয়ার ব্যবস্থা করা।

আসাদুজ্জামান রিপন বলেন,রাজীব আহসান ছাত্রলীগের জাতীয় সম্মেলনে যেতে প্রস্তুত আছেন, সরকার চাইলে সবই সম্ভব। ছাত্রলীগের সম্মেলনের আগে ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে মুক্তির ব্যবস্থা করতে পারেন। সরকারের ইশারা ইঙ্গিতে দেশের সকল প্রতিষ্ঠান পরিচালিত হয়।

তিনি বলেন রাজীবকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা লজ্জাজনক, চরিত্র হরণের জন্যই এই মামলা।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদক বলেন, দেশ দুই ধরনের আইন চলছে, বিরোধীদলের জন্য এক আর সরকার দলীয়দের জন্য অন্য আইন। তানা হলে সরকার দলীয় মন্ত্রীরা বিভিন্ন ধরনের অপকর্ম করেলই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হয় না।সরকারের মন্ত্রীরা গান বাজনা করছে, পচা গম আমদানী করছে জণসম্মুখে ধুমপান করছে এবং সাংবাদিকদের গালিগালাজ করেও তারা রেহায় পাচ্ছে।

সারাদেশের রাস্তা-ঘাটের বেহাল দশা উল্লেখ করে রিপন বলেন, রাস্তা-ঘাট ভেঙ্গে পড়ার কারণে ঈদ ফেরত মানুষ প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এমএইচ