জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ সাহেব যখন কারাগারে ছিলেন, বিভিন্নভাবে সরকারি হস্তক্ষেপটা আমরাও লক্ষ করেছি। তবে স্বাভাবিক নিয়মে বিচারব্যবস্থা নিয়ন্ত্রণ হোক, এটি প্রত্যাশা করি।”
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে এক প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন কাদের।
শনিবার (০৭ মার্চ) দুপুরে রংপুর নগরের মুন্সিপাড়া কবরস্থানে তাঁর মা–বাবার কবর জিয়ারত করেন তিনি। এরপর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিএম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপি এখন নেতৃত্বশূন্য। তাদের একজন জেলে, আরেকজন বিদেশে। তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। বিপরীতে জাতীয় পার্টি একটি শক্তিশালী সাংগঠনিক দল। এই শক্তি আরও বাড়াতে হবে। দলের নেতাকর্মীরা যে-যেখানে আছেন, সেখান থেকেই দলের জন্য কাজ করতে হবে।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সূতিকাগার রংপুর। রংপুরের নেতাকর্মীদের প্রতিটি কর্মকাণ্ডের প্রতিফলন হয় পুরো দেশের জাতীয় পার্টিতে। এ জন্য রংপুরের জাতীয় পার্টিও নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দলে।
করোনাভাইরাস প্রসঙ্গে জিএম কাদের বলেন, “চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশের জন্য তেমন বিপজ্জনক নয়। তবে সারা বিশ্বে করোনাভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে। মানুষও মারা যাচ্ছে। আমি মনে করি, এই ভাইরাস আমাদের দেশের জন্য তেমন বিপজ্জনক নয়। তারপরও আমাদের সতর্ক ও সচেতন হওয়া উচিত।”
এমবি





