ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা সারাদেশে নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন, আর আমরা কোর্টের বারান্দায় ঘুরছি এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে সব রাজবন্দিদের মুক্তি দিতে হবে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের মুক্তি দাবিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধীদলের সব নেতাকর্মীদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশে ভয়হীন, আতঙ্কমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।’
মানববন্ধনে দুদু বলেন, ‘দেশের চলমান সংকট নিয়ে আলোচনার দায়িত্ব বিএনপি নেবে না। সময় বেশি দিন নাই, অনতিবিলম্বে দেশের চলমান সংকট নিয়ে বিএনপিসহ সব বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসুন। এটা ব্যর্থ হলে যে আন্দোলনের ঝড় উঠবে, তাতে আপনারা তছনছ হয়ে যাবেন। এ আন্দোলন ২০১৪ সালের মত নয়, এটি হবে দেশে সত্য প্রতিষ্ঠিত করার আন্দোলন।’
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
এমই





