শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। একই সঙ্গে শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী বেঁচে আছেন বলে জানিয়েছেন তিনি।

আজ (২২ এপ্রিল) সোমবার বেলা সাড়ে ১১টায় শেখ সেলিমের বনানী বাসা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের  শিল্পমন্ত্রী এইসব কথা বলেন।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, শ্রীলঙ্কার ঘটনা খুব মর্মান্তিক। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপরও আমরা এসেছি শেখ সেলিমকে সান্ত্বনা দিতে।

তিনি বলেন, শেখ সেলিমের নাতি জায়ান মারা গেছে কিন্তু জামাতা এখনো সেভ আছেন। তবে তার দুটি পা ড্যামেজ হয়ে গেছে। এসময় আগামী কালকের (মঙ্গলবার) মধ্যে জায়ানের লাশ দেশে এসে যাবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, শেখ সেলিমের মেয়ে সোনিয়াও এখন পর্যন্ত জানে না যে তার ছেলে নেই। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন। শ্রীলঙ্কার সরকারের সঙ্গে কথা হচ্ছে। আমাদের অ্যাম্বাসির লোকজন যোগাযোগ করছেন। 

আজ (২২ এপ্রিল) সকালে শেখ ফজলুল করিম সেলিমের বনানীর ২/এ রোডের ৯ নম্বর বাসায় যান শিল্পমন্ত্রী। মন্ত্রীর পর সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও শেখ সেলিমের ভাই শেখ মারুফ বাসায় প্রবেশ করেন।

এর আগে সকালে ১০-১২ জন হাফেজ বাসার নিচ তলায় বসে কোরআন খতম দিয়েছেন।

উল্লেখ্য, গতকাল (২১ এপ্রিল) শ্রীলংকায় গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৯০ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক।

এই হামলার সঙ্গে জড়িত সবাই সবাই শ্রীলংকান নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

রোববার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে আত্মঘাতী বোমারুরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভয়াবহ এই হামলার পরিপ্রেক্ষিতে রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।  এছাড়া, আগামীকাল ২২ এপ্রিল ও পরশু ২৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা এবং দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দপ্তর থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। 

এমবি