স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর।
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কে মওলানা ভাসানী ডিগ্রি কলেজ মোড়ে জেলা পূজা উদযাপন কমিটি আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোকজন তাদের সব সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান স্বচ্ছন্দে এবং স্বাধীনভাবে উদযাপন করতে পারে।
কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অঙ্কুরজিৎ সাহা নব'র সভাপত্বিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত পৌর মেয়র সেলিম আহম্মেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান শেষে মওলানা ভাসানী কলেজ মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। মোহাম্মদ নাসিম মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।
এমকে





