যে গণতন্ত্র মানুষকে পুড়িয়ে মারে সেই গণতন্ত্র  বাংলাদেশে আর হবে না বলে জানিয়ে দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। শনিবার দুপুরে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন নৌমন্ত্রী। 

দুটি জাহাজ নির্মাণ, বয়া ও নেভিগেশন এইডস প্রকল্পের উদ্বোধন এবং বিআইডব্লিউটিএ’র জন্য নির্মিত ১৮টি পন্টুন হস্তান্তর উপলক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিএনপি ধ্বংসের রাজনীতি করে উল্লেখ করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই  দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। হারিয়ে যাওয়া নৌপথ উদ্ধার, জাহাজ কেনা, বন্দরের উন্নয়ন সবই বর্তমান সরকার করেছে। 

মানুষ হত্যার গণতন্ত্র বাংলাদেশে আর হবে না জানিয়ে তিনি বলেন, যে গণতন্ত্র মানুষ হত্যা করে। গাড়ি পুড়ে, মসজিদে-মন্দিরে আগুন দেয়; কোরান-হাদিস পুড়ায় সেই রাজনীতি বন্ধ করতে সরকারকে যতো কঠোর হওয়া দরকার তত কঠোর হবে। 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমেদ’র এমন বক্তব্যের উত্তরে নৌমন্ত্রী এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন,‘হ্যা তারা ঠিকই বলেছেন। মানুষ হত্যার গণতন্ত্র ধ্বংস হয়েছে।’ এমএফসি গ্রুপের চেয়ারম্যান ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।

 

এআইজে