বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, একদিকে গণধিক্কার অন্যদিকে দূর্বার গণআন্দোলনের ভয়ে ভীত হয়ে অবৈধ আওয়ামী লীগ সরকার নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। এই অপশক্তির সকল ষড়যন্ত্রের ব্যপারে ছাত্রশিবির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
রোববার সকালে কুষ্টিয়া শহরের এক মিলনায়তনে কুষ্টিয়া শহর শাখা ছাত্রশিবির আয়োজিত সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিবির সেক্রেটারি বলেন, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ভোটার শূণ্য নির্বাচন করে আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু গুম, খুন, নির্যাতন, দলীয় সন্ত্রাসী ও প্রশাসনের বর্বরতার কারণে আওয়ামী লীগের জনসমর্থন তলানীতে ঠেকেছে। যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে।
তিনি বলেন, অবৈধ সরকারকে দূর্বার আন্দোলনের মুখে পড়তে হবে। তা বুঝতে পেরে জনগণ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন ষড়যন্ত্র শুরু করছে। তাতে সহায়তা করছে এক শ্রেণীর দলকানা গণমাধ্যম। গণআন্দোলনের প্রস্তুতির পাশাপাশি অপশক্তির যেকোনো ষড়যন্ত্রের ব্যপারে শিবির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও ইসলাম রক্ষায় ছাত্রশিবির নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগের যে নজির স্থাপন করে চলেছে তাতে দেশের মানুষ জালিমের অপশাসন থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখছে। শিবির নেতাকর্মীদের রমজান মাসকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআনের বাণী প্রতিটি ছাত্রের কাছে পৌছে দিতে হবে। ছাত্রজনতাকে আল কুরআনের সমাজ বিনির্মানের গুরুত্ব সম্পর্কে জানাতে হবে।
নবনির্বাচিত শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর একেএম আলী হোসাইন।
ঢাকা. ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





