খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে নিয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাঙালি সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সাংস্কৃতিক আন্দোলনই রুখতে পারে সন্ত্রাস ও জঙ্গিবাদ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গতকাল (বুধবার) খালেদা জিয়ার নেতৃত্বে যে ২০ দলীয় বৈঠক হয়েছে সেখানে জামায়াতের প্রতিনিধি ছাড়াও অন্যান্য ইসলামী দলগুলোর প্রতিনিধি ছিল, যারা আফগানিস্তান ও পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি (খালেদা জিয়া) দয়া করে আগে জামায়াতকে ২০ দলীয় জোট থেকে বের করে দিন। আর ২০১৩ সালে জঙ্গি কায়দায় পেট্রলবোমা মেরে যে মানুষ হত্যা করেছেন তার জন্য জাতির কাছে ক্ষমা চান। এরপর জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করার সিদ্ধান্ত নিন, তাহলেই কেবলমাত্র জনগণ আপনাকে গ্রহণ করতে পারে।
একই গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশে শিক্ষিত, বৃত্তবান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেক পরিবারের সদস্যরা জঙ্গিবাদে লিপ্ত হচ্ছে।
জঙ্গিবাদের পেছনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বার বার আসার কারণ উল্লেখ করে তিনি বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই। ক্যাম্পাস বিহীন বিশ্ববিদ্যালয় কতটুকু যৌক্তিক তা আজকে প্রশ্ন থেকে যায়?
বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে জড়িত আছে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. এনামুল হক, মনোরোঞ্জন ঘোষাল, চিত্র নায়ক ফারুক, চিত্র নায়িকা নতুন বক্তব্য রাখেন।
এফএফ





