নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না গংদের ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের ছাত্রসমাজ পরাজিত হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ।

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মিছিল নিয়ে এসে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সোহাগ বলেন, বিএনপি-জামায়াত জোট পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পরামর্শে ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে। তারা এদেশের ১৫ কোটি এসএসসি পরীক্ষার্থীকে জিম্মি করে রেখেছে।

তিনি বলেন, মাহমুদুর রহমান মান্নারা আজ রাজনীতির উচ্ছিষ্টে পরিণত হয়েছেন। তারা রাতের আধাঁরে দেশবিরোধী ষড়যন্ত্র করে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যাওয়ার যে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছেন বাংলাদেশের ছাত্রসমাজ তা কোনোদিন হতে দিবে না।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমআর/কেএইচ