আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে পৌঁছেছে।

আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে সুরঞ্জিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এখানে সর্বস্তরের শ্রদ্ধা শেষে তার মরদেহ নেয়া হবে নিজ জেলা সুনামগঞ্জে।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্দেশে রওনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে সিলেটে নেয়া হয় সুরঞ্জিতের মরদেহ।

সিলেট থেকে সুনামগঞ্জের নতুন কোর্ট চত্বরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লায়) নিয়ে যাওয়া হবে তার মরদেহ।

প্রথমে শাল্লা পরে তার জন্মভূমি দিরাইয়ে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য হবে।

নিজের হাতে রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে। ইতোমধ্যেই চন্দন গাছটি কাটা হয়েছে এবং কাঠ আকারে বানানো হয়েছে।

উল্লেখ্য,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৭২ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

এমবি