সারাদেশে সরকারের গণগ্রেফতার, পুলিশী হামলা, গুলিবর্ষণ ও নৈরাজ্য সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

আজ ০৫ জানুয়ারী সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বিবৃতি প্রদান করেন।

তিনি বলেন, ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে জামায়াতসহ ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচী বানচালের জন্য সরকার দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে।

রাজধানী ঢাকায় কথিত নিষেধাজ্ঞা জারি করে এক বিভৎস পরিবেশের সৃষ্টি করেছে। ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত ও ২০ দলীয় জোটের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। নাটোরে গুলি করে ২ জনকে হত্যা করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, লক্ষীপুর, নোয়াখালী, বরিশাল, রাজশাহী, বগুড়া, নাটোর, ঝিনাইদহ দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত ৫ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা লাগিয়ে তাকে ঘোষিত কর্মসূচীতে অংশগ্রহণ করার অধিকার থেকে বঞ্চিত করেছে।

জোট নেত্রীর কার্যালয়ের গেটে তালা লাগানো এক নজির বিহীন ঘটনা। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বালুর ট্রাক, ইট ও কার্যালয়ের গেটে তালা লাগিয়ে, জনগনের বুকে গুলি চালিয়ে এবং নৈরাজ্য সৃষ্টি করে জনগণের আন্দোলন দমন করা যাবে না।

আমি নৈরাজ্যের পথ বন্ধ করে গ্রেফতার সকল নেতা-কর্মীর মুক্তি ও পুলিশী বর্বরতা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসএইচ