নৌমন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান খান বলেছেন,ইসলাম নামধারী জঙ্গিরা ইহুদিদের দ্বারা সৃষ্ট। তারা ইসলামের বিরুদ্ধে জঙ্গিদের কাজে লাগাচ্ছে। ইহুদিরা চিরজনম ধরে ইসলামের শত্রু।

আজ শুক্রবার মতিঝিল মসজিদ ওয়াকফ স্টেট মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী ওলামা-মাশায়েক ও মুসল্লিদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,ইসলামের নাম নিয়ে যারা নিরীহ মানুষ হত্যা করে, তারা কোন ইসলাম কায়েম করতে চায় আমরা তা জানি না।

নৌমন্ত্রী বলেন, আজ জঙ্গি ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ইসলামে জঙ্গিদের কোনো ঠাঁই নেই। ইসলামকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, ১ লাখ ৮ হাজার মুফতি জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। এ কারণে জঙ্গিরা মাওলানা মাসউদকে হত্যা করতে চেয়েছে।

শাজাহান খান বলেন, যারা কোরআনের নির্দেশনা মানে না তার কি ধরনের মুসলমান? জঙ্গিরা বলে থাকে, মৃত্যুর পর তারা নাকি বেহেশতে যাবে। খুনিরা বেহেশতে যেতে পারে না।

তিনি বলেন, মানুষ তো দূরের কথা ইসলামে কোনো প্রাণী হত্যাও মহাপাপ। পবিত্র রমজান মাসে ও ঈদের দিন ইসলামের নাম নিয়ে জঙ্গিরা মানুষ হত্যা করেছে।

নৌমন্ত্রী বলেন, কথায় কথায় মানুষকে মুরদাত বলা হচ্ছে। যাকে মুরদাত বলা হচ্ছে তিনি জাকাত দেন, নামাজ পড়েন, হজ করেছেন। অথচ এরা তাদের মুরদাত বানিয়ে দিলেন।

তিনি বলেন, এজিদের বংশধররা ইসলামকে শেষ করতে চাইছে। তারা ইসলামের নামে শোষণ করছে। এরাই একদিন বলেছিল পাকিস্তান না থাকলে ইসলাম থাকবে না। তারা ক্ষমতায় যাবার জন্য ইসলামকে ব্যবহার করেছে।

সমাবেশে আরো বক্তব্য দেন শোলাকিয়া ঈদগাহ জামাতের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মইনুল ইসলাম ময়না ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

এআই