বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে (অব.) মাহবুবুর রহমান বলেছেন, আজকে বাংলাদেশে সভ্যতার সবচেয়ে বড় অপরাধ নির্মমভাকে শিশু হত্যা নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দেশের কোন শিশু নিরাপধ নয়, যারা অপরাধ করছে তাদের বিচার না করে সরকার তাদের পৃষ্ঠাপোষক হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ঢাকা জেলা ছাত্রদল আয়োজিত ‘আমান উল্লাহ আমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানসহ সকল রাজনৈতিক নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করে।

বাংলাদেশে গণতন্ত্রের মহাসংকট চলছে উল্লেখ করে প্রবীণ এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, সুষ্ঠভাবে মিছিল মিটিং করার অধিকারও কেড়ে নিয়েছে এই অবৈধ সরকার। যা সুষ্ঠ গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

মুক্তিযুদ্ধের মূলচেতনা ছিলো গণতন্ত্র, তা আজ নির্বাসিত জানিয়ে মাহবুব বলেন, এই গণতন্ত্র রক্ষার জন্য যারা আন্দোলন করছে, সরকার তাদের হত্যা খুন গুম, গ্রেফতার, হামলা-মামলা দিয়ে দমনের চেষ্টা করছে।

আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। কথা বলার অধিকার চাই। সমাবেশ করার অধিকার চাই। সুষ্ঠ রাজনীতি করতে চাই সেই ব্যবস্থা বর্তমান সরকারকেই নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করা। তার জন্য সংগ্রামের বিকল্প নেই। সেই সংগ্রাম দীর্ঘ স্থায়ীও হতে পারে।

আয়োজক সংগঠনের সভাপতি রেজাউল কবীর পললের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি এম এ মান্নান, বিএনপির সহ-তথ্য ও গভেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা প্রমুখ।

এমএ/ এআর