আগামী এক বছরও এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে এ সরকারের পতন হবে।
বুধবার রাতে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
রাত ৮ টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া এ বৈঠক দুই ঘন্টাব্যাপি চলে।
পেশাজীবী সূত্রে জানাগেছে,বৈঠকে খালেদা জিয়া বলেছেন, অনেকে বলেন আমি আন্দোলন জমাতে না পেরে হতাশ। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে ও গণতন্ত্র রক্ষায় সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে  নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি হতাশ নই,ব্যর্থ নই। আপনারাও হতাশ হবেন না।
তিনি বলেন,শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫ শতাংশ ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমি ৯৫ শতাংশ জনসমর্থন নিয়ে জনগণের নেত্রী হয়েছি।
নতুন আন্দোলন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন,সামনে বিশ্ব এজতেমা,ও লেভেল, এ লেভেল ও বিভিন্ন পরীক্ষা। তাই জনদূর্ভোগের কথা বিবেচনা করে নতুন কৌশলে যথাসময়ে পরবর্তী কঠোর কর্মসূচি দেয়া হবে।
খালেদা জিয়া আরও বলেন,এখন প্রচন্ড শীত পড়ছে। শীতের তীব্রতা কমলেই জেলা পর্যায়ে দলের সাংগঠনিক সফর শুরু হবে। সফরগুলোতে পেশাজীবীদেরও অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বেগম জিয়া।
মতবিনিময় শেষে পেশাজীবীদের কাছে আলোচনার সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান,২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসিতে পেশাজীবীদের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া এবং আগামীদিনের কর্মসূচিতেও পেশাজীবীরা অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খালেদা জিয়া।
মতবিনিময় সভায় পেশাজীবীরা বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ জানিয়ে  বিভিন্ন এলাকার নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরেন। আগামী দিনের আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে চেয়ারপারসনকে পদক্ষেপ নেয়ার অনুরোধও জানান পেশাজীবীরা। আগামী দিনের আন্দোলনে মাঠে থাকারও প্রতিশ্রুতি দেন তারা।

ঢাকা ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এমআর