আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে, তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য। যদি কোনও মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে। সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য ঠিক করা আছে ২০২২ সালের জুন পর্যন্ত।”

যদিও ২০২২ এর আগেই এ সংক্রান্ত কাজ শেষ হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এইসব কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ এর অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “মেয়াদ বৃদ্ধির সঙ্গে মূল সেতুর ফিজিক্যাল ওয়ার্ক সম্পর্কিত নয়। বড় ধরনের কোনও প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ ধরা হয় যাতে পরবর্তীতে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য তারা বাধ্য থাকে।” জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, জণগণ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সব অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

এমবি