নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, যে কোন সময় কঠোর আন্দোলন শুরু হবে। সবাইকে ভরসা রাখতে হবে এবং সতর্ক ও আন্দোলনের প্রস্তুতি নিয়ে থাকতে হবে।
তিনি বলেন, সরকার জানে, তার পায়ের নিচে মাটি নাই এবং জনগণ যদি একবার জেগে উঠে তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। যার কারণে গতকাল আমাদের একটি সমাবেশ ছিল তা করতে দেয়নি। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে তারা শুধুমাত্র পুলিশের উপর প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়াকে আর বেশি দিন কারাগারে থাকতে হবে না মন্তব্য করে সেলিমা রহমান বলেন, স্বৈরশাসনের পতন হঠাৎ করেই হয়। আর এই সরকারের পতন হঠাৎ করেই হবে। কারণ আজ দেশের প্রতিটি ঘরে ঘরে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছে। কেউ আর এই সরকারকে চায় না, সবাই এই সরকারের বিদায় চায়।
তিনি বলেন, যে সরকারের আমলে নারীরা নির্যাতিত, মানুষের ভোটের অধিকার নাই, মেধাবী ছাত্রদের হত্যা করা হয়। যার কারণে দেশের সকল জনগণ আন্দোলনের জন্য উদ্দীপ্ত, কাজেই যেকোনো সময় আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পরতে পারে। তাই আমাদের সবসময় সতর্ক ও প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এবং ডাক এলে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ন-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সদস্য ভিপি ইব্রাহিম, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এমবি





