আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, আগামী নির্বাচনে বাংলার মানুষ তাদের সমর্থন করবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের খণ্ডচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের বর্বরতাকে তুলে ধরে এদের মুখোশ উম্মোচন করতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, তারা এখনো রক্তের হলিখেলা খেলছে। যারা পাকিস্তানি কায়দায় জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা পাকিস্তানি প্রেতাত্মা। তারাই আবার গুম-খুনের কথা বলে। গুমের নাটক যারা সাজায়, তারাই গুমের অভিযোগ দিতে দ্বিধা করে না। দেশে হঠাৎ হঠাৎ লাশ পড়ে থাকে।
যারা ৯ বছর আন্দোলনে ব্যর্থ হয়েছে, তারাই দেশে গুমের ঘটনা ঘটাচ্ছে। তাদের একজন সুইডেনে বসে কিলিং গ্রুপ নিয়ন্ত্রণ করছে। তার নাম নাহিদ। স্বাধীনতার ৪৬ বছর পরও খুনের ঘটনা দেখছি।’
পরে মন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে নগদ টাকা দেন। সেই সঙ্গে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। এর আগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এইচটি ইমামের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
এএস





