জাতীয় প্রেস ক্লাব থেকে ‘গড ফাদার’দের ধ্বংস করতে হবে উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমানুল্লাহ কবির বলেন, যে ‘গড ফাদার’দের জন্য জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের ঐক্য বিনষ্ট হচ্ছে তাদের যে কোন মূল্য ধ্বংস করতে হবে।  

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(জ্যাব)আয়োজিত ‘মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকও দায়িত্বশীলতা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আজ সাংবাদিক ইউনিয়ন গুলো রাজনীতিক কার্যালয়ে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের ইউনিয়ন কখনো রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে না।

আমাদের সকলের দায়িত্ব হলো ‘গড ফাদার’পরিচালিত ইউনিয়ন ধ্বংস করা। তাহলেই সাংবাদিকদের মধ্যে জাতীয় ঐক্য সম্ভব হবে।

তিনি বলেন,সাংবাদিকদের মধ্যে আজ ঐক্য নেই। সাগর রুনিসহ অন্যান্য সাংবাদিক হত্যার বিচার হয়নি, এটার একটি মাত্র কারণ, সাংবাদিকদের মধ্যে আজ ঐক্যের অভাব।

আমাদের সহকর্মীদের যখন হত্যা করা হয় আমারা দলবদ্ধভাকে আন্দোলন করতে পারি না। যার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না।

কিছু সাংবাদিক নেতা আছে যারা প্রেস ক্লাব নিয়ে অনেক কথা বলেন। তাদের চাকরী নেই, কিন্তু গাড়ী-বাড়ি আছে। তারা খেতে পারছে না বলে গণতন্ত্রকামী হয়ে গেছে।

প্রতিদিন ১০- ১৫ জন নিয়ে বসে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। প্রায়ই তারা বিদেশে যায়। তাদের অর্থের উৎস কোথায় সেটাও জানার বিষয়।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজ বলেছেন, যারা অতীতে জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দিয়েছে, তারা সাংবাদিক পরিচয়ের চেয়ে রাজনৈতিক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। যা মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে কখনও কাম্য নয়।

তিনি বলেন, তারা অন্যের পাখা দিয়ে আকাশে ওড়ার চেষ্টাও করে।

আয়োজক সংগঠনের আহব্বায়ক সৈয়দ মেজবা উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সংগঠনের সদস্য সচিব এলাহী নেওয়াজ খান, সর্দার ফরিদ আহমেদ, ইলিয়াস খান প্রমুখ।

এমএ/এসএইচ