একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শেষ দেখা করে বের হলেন তার পরিবারের সদস্যরাও।

রোববার (২২ নভেম্বর ২০১৫) রাত সোয়া ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তারা দেখা করে বের হন। পরিবারের মোট ২৫ সদস্য ছিলেন এ সাক্ষাতে।

এর আগে, রাত ১১টার পরপর তারা দেখা করতে কারাগারে প্রবেশ করেন। মুজাহিদের স্ত্রী তামান্না-ই জাহান, দুই ছেলেসহ মোট ২৫ সদস্য ভেতরে ঢোকার সুযোগ পান।

এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে কারাগারের ভেতরে ঢোকে আরেক মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের সদস্যরা।

সাকার  স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে হুম্মাম ও ফাইয়াজ কাদের চৌধুরীসহ পরিবারের ১৮ সদস্য ভেতরে ঢোকার সুযোগ পান। এসেছিলেন ৩৫ জন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তারা বেরিয়ে আসেন।

তবে, বিদায়ী সাক্ষাতে মুজাহিদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কি বলেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যরা। র‌্যাব ও পুলিশের কড়া প্রহরায় তারা কারাগার এলাকা ত্যাগ করেন।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তারই ধারাবাহিকতায় শেষ দেখা করার জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়।

কেবি