আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশবাসী এখন প্রিয় ধর্ম ইসলাম এবং মাতৃভূমি নিয়ে উদ্বিগ্ন।

৩০ লাখ মানুষের জীবন আর দুই লাখ নারীর সম্ভ্রমের মাধ্যমে পাওয়া প্রিয় স্বদেশ আজ জঙ্গি হামলার শিকার। আর এসব অপকর্ম দেশের ভেতরে থেকে জামায়াত-বিএনপি করাচ্ছে। এসবের নেপথ্যে ইন্ধন দিচ্ছে ইহুদি-নাসারারা।

শনিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা অডিটরিয়ামে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতেই জঙ্গি ও সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। তারা প্রথমে মুক্তচিন্তার মানুষ ও ধর্ম যাজকদের ওপর হামলা শুরু করে। সর্বশেষ তারা গুলশান এবং শোলাকিয়ায় হামলা চালায়।

তিনি আরও বলেন, প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.) ইসলামকে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে গোটা বিশ্বের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হন। ইসলাম খুন-খারাবি, নৈরাজ্য, সন্ত্রাস সমর্থন করে না। কিন্তু সেই ধর্মের নামে আইএস এখন বিভিন্ন দেশে হত্যা-সন্ত্রাস করে ইসলামের পবিত্রতা নষ্টের চক্রান্ত করে আসছে।

ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া আয়োজিত কর্মশালায় কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শামসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিুউল ইসলাম প্রমুখ।

সবুজ/এসএম