আ’লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে মেধাবী ছাত্র হত্যা করে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন শিবির নেতা নাজিব আহসান।

ঝিনাইদহ জেলা কালিগঞ্জ পৌর শিবির সভাপতি আবু জর গিফারী ও শামীম হোসেনকে প্রকাশ্যে আটকের ২৫ দিন পর আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বর্হিভূত হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী নাজিব আহসান উক্ত সমাবেশে বলেন, জনগণের ঘামে অর্জিত টাকায় লালিত আইন শৃঙ্খলা বাহিনী দেশের মেধাবী ছাত্রদের বিনা অপরাধে তুলে নিয়ে তাদেরকে আদালতে হাজির না করে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যার মাধ্যমে বিনা ভোটের ফ্যাসিবাদী সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঘৃণ্য এসব অপকর্মের কোন রকম সুরাহা না করে আরো অধিক মাত্রায় নিজেদের হীণ স্বার্থে ব্যবহার করেই যাচ্ছে। সন্ত্রাসী কায়দায় রাষ্ট্রীয় বাহিনীর বিরোধী মতের গণতান্ত্রিক কার্যক্রম ধ্বংস করতেই তারা মেধাবী ছাত্রদের গুম, খুন করে ভিন্ন দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন বেছে নিয়েছে। সে সাথে গণমাধ্যাম যাতে অবৈধ সরকারের জনস্বার্থ বিরোধী নানা কু-কীর্তি প্রচার করতে না পারে সেজন্য গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছে সরকার।

সরকারী দলের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি তাঁর অভিমত ব্যক্ত করে বলেন, সরকারী দলের নেতা-কর্মীরা দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। শিক্ষা বিরোধী এ কাজে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কোন রকম হস্তক্ষেপ করছে না। স্বীয় দায়িত্ব পরিহার করে রাষ্ট্রীয় বাহিনীর এহেন জঘণ্য কর্ম তাদেরকে অবৈধ সরকারের খুনী বাহিনীর রূপে পরিচয় করে দিচ্ছে।

নাজিব আহসান বলেন, ক্ষমতা লোভী আওয়ামী লীগ জনগণের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করে দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে।

অবিলম্বে ঝিনাইদহ জেলা কালিগঞ্জ পৌর শিবিরের দু’নেতা হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী করেন তিনি।

 

নগরীর লালদিঘী এলাকা থেকে শুরু হওয়া মিছিলে শিবির নেতা রাশেদুল ইসলাম, শাকিল রায়হান, সালেহ রায়হান, কামাল কুতুবী, কুতুব আহমেদ প্রমুখ নেতৃত্ব দেন।

 

এমআইএস।