ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়নি। তিনি চাইলে বের হতে পারবেন। তবে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ডিএমপির মিডিয়া সেন্টারে রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক প্রসঙ্গে তিনি বলেন, রুহুল কবির রিজভিকে আটক করা হয়নি। তিনি অসুস্থ হলে ডিবি স্বপ্রণোদিত হয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি প্রসঙ্গে বলেন, মির্জা ফখরুলের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে এমন কোনো তথ্য জানা নেই।

রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ প্রসঙ্গে বলেন, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে কোনো বাধা নেই। তবে ছোট ছোট রাজনৈতিক সভা-সমাবেশও করা যাবে যদি সেখানে নিরপাত্তার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উল্লেখ্য, শনিবার রাত থেকে খালেদা জিয়ার অফিস ও বাসার সামনের সড়কে ‘প্রতিবন্ধকতা’ জোরদার করা হয়েছে। গুলশান কার্যালয়ের সামনের সড়কে পুলিশের গাড়ি ও রিকুইজিশন করা বাস এনে রাস্তার ওপর আড়া-আড়িভাবে রাখা হয়েছে। এ সময় তাকে কার্যালয়ের বাইরে যেতে দেয়নি পুলিশ।

রাতে অসুস্থ রেজভীকে দেখতে যেতে চেয়েছিলেন খালেদা জিয়া। পুলিশ এসময় খালেদা জিয়াকে তার গাড়িতে আধা ঘন্টা বসিয়ে রাখেন। এক পর্যায়ে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে আবার কার্যালয়ে চলে যান।

এ অবস্থায় রোববার দুপুরে গুলশান কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দারকে।

এএইচ