সারাদেশে ২০ দলের চলা অনির্দিষ্টকালের অবরোধ এবং হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিং করেছে বিএনপি, জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা।এছাড়া অবরোধের কারনে পুলিশের চলা নিয়মিত বিশেষ অভিযানে হতকাল রাত থেকে আটক করা হয়েছে প্রায় শতাধিক নেতাকর্মীকে। আটককৃতদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগরী জামায়াতের আমীর হাবিবুর রহমান এবং গাজীপুর সদর থানা সেক্রেটারি জালাল উদ্দিন।

রাজধানীতে সকালের শুরুতেই ২০ দলের চলমান অবরোধের পাশাপাশি ঢাকা মহানগরীতে ডাকা ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডা ও তেজগাঁও এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

সকাল সাড়ে ৮টায় মহানগরী সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বাড্ডার নতুন বাজারে মিছিল ও পিকেটিং করেছে শিবির ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা। এসময় তারা রাস্তায় আগুন দিয়ে রাজপথ অবরোধের চেষ্টাও চালায়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাড্ডা দক্ষিন থানা সভাপতি, বাড্ডা উত্তর থানা সভাপতি, ভাটারা থানা সভাপতি, গুলশান থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা।

এদিকে প্রায় একই সময়ে মহানগরী কলেজ সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও বিজয় স্মরনী এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের শিবির নেতাকর্মীরা।এসময় আরো উপস্থিত ছিলেন- তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও স্কুল সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা।

খিলগাঁওয়ে শিবিরের মিছিল:

হরতালের সমর্থনে আজ সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে ঢাকা মহানগরী পূর্ব শাখ। মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগরী সেক্রেটারী সিয়াম রেজা। উপস্থিত ছিলেন শাখা অর্থ সম্পাদক সোহেল রানা, স্কুল সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।

মগবাজারে জামায়াতের বিক্ষোভ সমাবেশ:

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরী জামায়াতের শুরু সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, সুলতান মাহমুদ, ছাত্রনেতা মুরাদ হোসেন, মাহবুবুর রহমান প্রমুখ।

পল্লবীতে জামায়াতের মিছিল:

রাজধানীর পল্লবীর কালসি রোডে সকাল ৭ টায় মিছিল অবরোধ করে জামায়াতে ইসলামী পল্লবী থানা, ঢাকা মহানগরী। উপস্থিত ছিলেন , জামায়াত নেতা রাইসুল ইসলাম পবন, রিয়াজুল ইসলাম, হেলাল উদ্দিন, শাহিন সিকদার, ইমান আলি, মাসুদ উদ্দিন ও শিবির নেতা আব্দুর রহিম প্রমুখ।

নারায়ণগঞ্জে শিবিরের মিছিল:

ঢাকার বাইরে সকালের শুরুতেই হরতালের সমর্থনে শহরের মগ্যাণ স্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির।সকাল সাড়ে ৭টায় মহানগর ছাত্রশিবিরের সভাপতি যুবায়ের হোসেনের নেতৃত্বে মিছিলটি হয়।এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে কিছু সময়অবরোধ করে রাখে।

পাবনায় বিএনপির মিছিল, সড়ক অবরোধ:

২০ দলীয় জোটের অবরোধের সমর্থনে পাবনায় মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলা বিএনপির উদ্যোগে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ব্র্যাক মোড় নামক স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা। এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ আসার আগেই সেখান থেকে সরে যায় বিক্ষোভকারী নেতা-কর্মীরা।

খুলনায় আটক ৩৮:

মহানগরীর আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা পযর্ন্ত গত ২৪ ঘণ্টায় ৩৮ জনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জে গ্রেফতার ৩২:

হবিগঞ্জের ৯টি থানায় বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করেছে।

মানিকগঞ্জে আটক ৬:

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জের তিন উপজেলা থেকে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছে, মানিকগঞ্জ সদর উপজেলার সেলিম হোসেন (৩০), মোস্তফা কামাল (৪৭), মান্নান মিয়া (৪০), জিল্লু (৩০), সিংগাইর উপজেলার ফটিক ফকির (৪০), শওকত জাহাঙ্গীর (৪৪)

কুমিল্লায় গ্রেফতার ৯:

চলমান অবরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।

বরিশালে জামায়াতের আমির গ্রেফতার:

বরিশাল জেলা (পশ্চিম) জামায়াতের আমির মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর সিটি কলেজের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মো. হাবিবুর রহমান নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। হাবিবুর রহমান নগরীর সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক।

গাজীপুরে জামায়াত নেতাসহ আটক ৬:

গাজীপুর সদর থানা জামায়াতের সেক্রেটারিসহ বিএনপি-জামায়াতের ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে জয়দেবপুর থানা এলাকা থেকে জামায়াতের গাজীপুর সদর থানার সেক্রেটারি জালাল উদ্দিন মাস্টারসহ চারজন। এবং টঙ্গী থানা এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে চারজন বিএনপির ও দুজন জামায়াত নেতা-কর্মী।

ইআর