বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘর-বাড়ি থাকা সত্যেও, তিনি কি কারণে অফিসে থাকছেন; তা খুজে বের করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানী বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নং গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল-অবরোধ বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মায়া বলেন, বিএনপি নেত্রীর পায়ের তলায় মাটি নেই। নেতাকর্মী, বিদেশী বন্ধু এমনকি সাধারণ জনগণও তার পাশে নেই। তিনি একা একা ঘরের মধ্যে জীবন কাটাচ্ছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে। তার নেতাকর্মীরাও এখন কথা শোনে না। তাই ক্ষমতায় যাওয়ার জন্য তিনি এখন সন্ত্রাসীদের দিয়ে পেট্রলবোমা মারছেন। সন্ত্রাসীরাই তার শেষ ভরসা।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার একটাই কথা- কিসের পরীক্ষা, কিসের কি? এইনা হলো বিএনপি। তিনি জাতিকে মেধাশূন্য করতে ছোট ছোট ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন।

বুদ্ধিজীবীদের সমালোচনা করে তিনি বলেন, সংলাপ, সংলাপ করে কোন লাভ হবে না। ২০১৯ সালের এক ঘণ্টা আগেও নির্বাচন হবে না।

সরকার সংলাপে বসলে সব ঠিক হয়ে যাবে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বিদেশে বসে মাদবরি করছেন কেন? খোকা ভাই দেশে আসেন। দেখি আপনি কি করতে পারেন? বিদেশে পালিয়ে গিয়ে এভাবে কথা বলা মানায় না। আপনাকে মোকাবেলা করতে এ দেশের জনগণ প্রস্তুত।’

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, এ পর্যন্ত দেশের ৫৮ জন সাধারণ মানুষকে হত্যা করছেন। এর পাই পাই হিসাব আপনাকে দিতে হবে। নাশকতাকারী ও হুকুমদাতা কাউকে ছাড় দেয়া হবে না।

সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

এমআর/ এআর