দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষির্কীতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী আহমেদ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবাষির্কীতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া, রক্তদান কর্মসূচি, আলোচনা, আলোকচিত্র প্রদর্শন, ক্রোড়পত্র প্রকাশ।
তিনি জানান, ৩০ মে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা ।
এদিন ওলামা দলের উদ্যোগে সেখানে ফাতিহা পাঠ ও দোয়া এবং ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে।
রিজভী বলেন, ৩১ মে বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি জানান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করবে। এসবের মধ্যে ২৪ মে যুবদল, ২৬ মে মহিলা দল, ২৭ মে স্বেচ্ছাসেবক দল, ২৮ মে মুক্তিযোদ্ধা দল, ২ জুন শ্রমিক দল আলোচনা সভা করবে।
এছাড়া ছাত্রদল জিয়াউর রহমানের জীবনের ওপর একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
রুহুল কবির রিজভী আরও জানান, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সারা দেশের বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করবে বিএনপি। একই সঙ্গে গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি।
যৌথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
ওএফ





