বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন, পদত্যাগ করে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে রাজনৈতিক শূন্যতা দূর করুন। অন্যথায় কোন ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব আপনাদের নিতে হবে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি পুনর্বাহালের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস। বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ এটা বিশ্বাস করে শুধু বাকশালীরা যারা এক দলীয় শাসন কায়েম করেছে তারা বিশ্বাস করে না। ৭ নভেম্বর অন্য কোন দিবসের সাথে তুলনা হয় না। তাই ৭ নভেম্বর সরকারি ছুটি বহাল করুন।

তিনি বলেন, জাতীয় চার নেতা হত্যার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এ সময় তারা ক্ষমতায় ছিল। সুতরাং এর দায় দায়িত্ব তাদের নিতে হবে। এখন গণতন্ত্র হত্যা করতে যাচ্ছেন। মানুষের অধিকার আদায়ের মিছিল মিটিংয়ে গুলি করে মানুষ মারছেন। এর দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।

আওয়ামী সরকারের নেতারা বলে ৭ নভেম্বর সিপাহীদের হত্যা করা হয়েছিল এটা সঠিক নয় মিথ্যা কথা। দেশে একটি ভয়াবহ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন বলেই রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে গিয়েছিলেন। সেদিকে শেখ হাসিনা নজর দেয়া উচিৎ।

আয়োজক সংগঠনের সভাপতি শহিদুল্লাহ মনির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

এমএইচ/ এআর