যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে যুবলীগ ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়,উপজেলার পাঁজিয়া বাজারে আওয়ামী লীগের অফিসে গত শুক্রবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা লাভলু ও জাহাঙ্গীরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার রাত ৮টার দিকে পাঁজিয়া বাজারে জাহাঙ্গীর দলবল নিয়ে লাভলুকে মারপিট করে। এরপর লাভলুর লোকজন রাত ১০টার দিকে জাহাঙ্গীরের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
এ ঘটনায় পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল (৪৮),যুবলীগ নেতা আবু সায়েদ লাভলু সরদার (৩৮),সাজ্জাদ হোসেনের পিতা ইমান গাজী (৫৫),রাজ্জাক গাজী ( ৩৮) আহত হন।
এদেরমধ্যে গুরুতর আহত লাভলু সরদারকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আবু সায়েদ লাভলুর বাবা সিরাজুল ইসলাম সরদার বাদী হয়ে সোমবার থানায় মারপিট, এক লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ করেছেন।  
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]