স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইনগতভাবে পেলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও আমৃত্যু সাজাপ্রাপ্ত নায়েবে আমির মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্যারোলে মুক্তি দেয়া হবে।
তবে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামির নামাজে জানাজা পড়ানোর জন্য প্যারোলে মুক্তি পাবেন বলে আমার জানা নেই।
মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত গোলাম আযমের জানাজা পড়াতে তাদের প্যারোলে মুক্তি চাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। তারা প্যারোল পাবেন কি না জানতে চাইলে শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।
এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, আইনে আত্মীয়-স্বজনকে দেখার জন্য প্যারোলে মুক্তির সুযোগ আছে। তবে নিজামী ও সাঈদীর ক্ষেত্রে আইনগতভাবে প্যারোলে মুক্তির সুযোগ নেই। তারা কেউই গোলাম আযমের আত্মীয় স্বজন নন।
বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গোলাম আযমের মৃত্যু হয়। মৃত্যুর আগে মতিউর রহমান নিজামী বা দেলাওয়ার হোসাইন সাঈদী তার জানাজা পড়াবেন বলে ওসিয়ত করেন গোলাম আযম।
শুক্রবার সকালে গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওসিয়ত অনুযায়ী মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে নামাজে জানাজা পড়ানোর জন্য প্যারোলে মুক্তি আবেদন করা হবে।
জেএ





