ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা কালে ক্ষমতাসীন আওয়ামী লীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় গণমাধ্যমকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন।
আজ (২৬ জানুয়ারি) রোববার দুপুর ১টার দিকে রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে ইশরাকের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনও আহত হয়েছেন।
আহতদের মধ্যে সময় টিভির চিত্রগ্রাহক আশরাফুল হক, নয়া দিগন্ত-এর সাংবাদিক ইকবাল মজুমদার তৌহিদসহ বেশ কয়েকজন সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ইশরাক সহ অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।
প্রচারণায় থাকা ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, আমরা মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করে টিকাটুলির দিকে ঢোকার পথে হঠাৎ করে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট লাঠিসোটা দিয়ে আমাদের উপর হামলা হয়। আমরা প্রতিহত করতে গেলে আমাদের উপর অন্তত কুড়ি রাউন্ডের মতো গুলি নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর এই হামলা চালিয়েছে। এতে আমাদের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন এর পায়ে ইটের আঘাত লেগেছে। ইশরাকসহ আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন। আমরা এখন ইশরাকের প্রধান নির্বাচনী কার্যালয়ে গোপীবাগে অবস্থান করছি।
তিনি আরও বলেন, হামলার ঘটনার সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ জানুয়ারি (রোববার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই দিন সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। প্রচারণা মিছিলে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাবিথ।
হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেছেন তাবিথ আউয়াল। বেলা ১১টার দিকে মিরপুর মাজার রোড এলাকায় প্রচারণা চলাকালে এ হামলা চালানো হয় বলে জানান তাবিথ।
এমবি





